ভারত-পাকিস্তানসহ ২৩ দেশকে ‘প্রধান মাদক পাচারকারী’ বললেন ট্রাম্প

0
57

আফগানিস্তান, ভারত, চীন ও পাকিস্তানসহ বিশ্বের ২৩টি দেশকে বড় ধরনের মাদক উৎপাদক বা মাদক পাচারকারী দেশ হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার ভাষায়, এসব দেশ অবৈধ মাদক ও মাদকের কাঁচামাল তৈরি ও পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

গত সোমবার কংগ্রেসে জমা দেওয়া এক ‘প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশনে’ ট্রাম্প এ তালিকা প্রকাশ করেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় বার্তাসংস্থা পিটিআই–এর বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানায়।

তালিকাভুক্ত দেশগুলো হলো— আফগানিস্তান, বাহামা, বেলিজ, বলিভিয়া, মিয়ানমার, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পাকিস্তান, পানামা, পেরু ও ভেনেজুয়েলা।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প এই ‘মেজরস লিস্ট’ কংগ্রেসে জমা দিয়ে দেশগুলোকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক সরবরাহ ও পাচারের জন্য দায়ী করেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, এই ২৩ দেশের মধ্যে আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া ও ভেনেজুয়েলা মাদকবিরোধী কার্যক্রমে “গুরুতর ব্যর্থতা” দেখিয়েছে। তাদের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

চীন প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটি “বিশ্বের সবচেয়ে বড় কাঁচামাল সরবরাহকারী” যা অবৈধ ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত হয়। পাশাপাশি নাইটাজিনস ও মেথঅ্যামফেটামিনসহ অন্যান্য কৃত্রিম মাদকও চীন থেকে বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়ছে।

আফগানিস্তান প্রসঙ্গে তিনি বলেন, তালেবান অবৈধ মাদকের ওপর নিষেধাজ্ঞা দিলেও দেশটিতে মেথঅ্যামফেটামিন উৎপাদন বেড়েছে এবং বিপুল মজুদ অব্যাহত রয়েছে। এ থেকে পাওয়া অর্থ আন্তর্জাতিক অপরাধচক্র ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে।

ট্রাম্প আরও জানান, ফেন্টানিলসহ প্রাণঘাতী মাদক আমদানির কারণে যুক্তরাষ্ট্র বর্তমানে জাতীয় জরুরি পরিস্থিতির মুখোমুখি। এটি এখনো ১৮ থেকে ৪৪ বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ।

সূত্র : দ্য হিন্দু / পিটিআই