সাজেকে সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ১২

0
44

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকগামী পর্যটকবাহী একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি (২৩) ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন অন্তত ১২ জন পর্যটক।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড় থেকে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন— তনুশ্রী রায়, পুষ্পিতা সাহা, সুমনা বিশ্বাস, অনিন্দিতা, সাদিয়া রহমান, চন্দ্রিকা মন্ডল (২৪), চেরী খাতুন, করিমুল হক (শিক্ষক), বর্ণা কুন্ড, ইমামা খাতুন, সায়দা তাসনিম ও অন্বেষা চক্রবর্তী।

খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় এবং আহতদের দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

পর্যটকদের অভিযোগ, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতি এবং অদক্ষ চালকদের কারণে সাজেকে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।