আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অস্কারের ৯৮তম আসর। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র (ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম) বিভাগে অংশ নিতে বাংলাদেশের পক্ষ থেকে চলচ্চিত্র আহ্বান জানিয়েছিল বাংলাদেশ অস্কার কমিটি। এ বছরের ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ দিন।
কমিটির কাছে জমা পড়েছে পাঁচটি সিনেমা— সাবা, বাড়ির নাম শাহানা, নকশিকাঁথার জমিন, প্রিয় মালতী ও ময়না। এর মধ্যে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে বাড়ির নাম শাহানা, আর সাবা মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। বাকি তিনটি ছবি এরই মধ্যে মুক্তি পেয়েছে।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ও অস্কার কমিটির চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, জমা পড়া ছবিগুলো যাচাই–বাছাইয়ের জন্য একটি নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “যেসব নির্মাতা ও প্রযোজকের কাজ আন্তর্জাতিক মানদণ্ডে যোগ্যতা অর্জন করবে, সেই ছবিই বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হবে।”
তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেলে ছবিগুলো আনুষ্ঠানিকভাবে নির্বাচক কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। অস্কার কর্তৃপক্ষের কাছে ছবি পাঠানোর শেষ সময় ৩০ সেপ্টেম্বর। প্রযুক্তিগত জটিলতা এড়াতে কিছুটা সময় হাতে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।
অস্কারের শর্টলিস্ট প্রকাশিত হবে আগামী ১৬ ডিসেম্বর। এরপর ঘোষণা করা হবে মনোনীত পাঁচ ছবির নাম। সেখান থেকে একটি সিনেমা জিতবে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের অস্কার।

