দিনাজপুরে এবি পার্টি ছেড়ে ৪০ জন নেতাকর্মীর জামায়াতে প্রত্যাবর্তন

0
87

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে পাঁচ বছর আগে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দেওয়া সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ৪০ জন নেতাকর্মী আবারও জামায়াতে ফিরে এসেছেন। তাদের সঙ্গে বিরামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবীরও জামায়াতে যোগ দেন।

বৃহস্পতিবার রাত ৮টায় বিরামপুরের ধানহাটি মোড়ে জামায়াতের উপজেলা কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে ফেরত আসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের বিরামপুর উপজেলা আমির হাফিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমির আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মজলিশে শূরা সদস্য ও জেলা শাখার সাবেক আমির আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক, সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম, বিরামপুর পৌর শাখার আমির মামুনুর রশীদ ও সেক্রেটারি শাহীনুর ইসলাম।

মেহেদী হাসান চৌধুরী ২০২০ সালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন। পরে তিনি এবি পার্টিতে যোগ দিয়ে কেন্দ্রীয় সম্পাদকীয় সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেন। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে এবি পার্টি থেকে পদত্যাগ করেন।

যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগের দুঃশাসনকালে সরকার ও তাদের পুলিশ বাহিনীর মামলা ও নির্যাতনের শিকার হয়েছিলাম। সে সময় জামায়াতের কিছু নেতার সঙ্গে মনোমালিন্য হলে আমি এবি পার্টিতে যোগ দিই। কিন্তু আমি যে চেতনা নিয়ে সেখানে গিয়েছিলাম তা খুঁজে পাইনি। বর্তমানে জামায়াতে ইসলামীর আদর্শ ও কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। তাই এবি পার্টির ৪০ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আবারও জামায়াতে যোগ দিলাম।”