চুয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে ফিরে আসা ৪ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সীমান্তের মেইন পিলার-১০৫ এর নিকট শূন্য রেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ের এক পতাকা বৈঠকে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পতাকা বৈঠকে বিজিবির মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার মিয়া এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের ব্রহ্মনগর কোম্পানি কমান্ডার ধর্মেন্দ্র সিং উপস্থিত ছিলেন। বৈঠকের আলোচনার অংশ হিসেবে পূর্বে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা ৪ জন নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
হস্তান্তরিতদের মধ্যে রয়েছেন একজন পুরুষ, দুইজন মহিলা এবং একজন অপ্রাপ্তবয়স্ক শিশু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে রাজস্থানে বসবাস করে আসছিলেন।
বিজিবির অধিনায়ক আরও জানান, বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবেই এ ধরনের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।

