বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় অভিযুক্ত দুইজনকে এনকাউন্টারে হত্যা করেছে পুলিশ। বুধবার পুলিশের অভিযানে গোল্ডি ব্রার গ্যাংয়ের সক্রিয় সদস্য রবীন্দ্র (রোহতক) ও অরুণ (সোনিপত) নিহত হন।
পুলিশ জানায়, অভিযানের সময় অভিযুক্তরা আত্মসমর্পণ না করে পাল্টা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে তারা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি গ্লক পিস্তল, একটি জিগানা পিস্তল এবং একাধিক গুলি ভর্তি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এর আগে, গত ১২ সেপ্টেম্বর ভোররাতে মোটরবাইকে করে দুই ব্যক্তি দিশা পাটানির বাড়ির সামনে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায়। হামলার পর গভীর রাতে অভিনেত্রীর বাবা ফোনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেন। সেদিনই মুখ্যমন্ত্রী অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির আশ্বাস দেন।
পরে গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই গ্যাং এ হামলার দায় স্বীকার করে। তারা জানায়, সরাসরি দিশার নয়, বরং তার বোন খুশবু পাটানির বিরুদ্ধে তাদের ক্ষোভ। অভিযোগ, খুশবু আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ আচার্যকে অপমান করেছেন, যা তাদের মতে হিন্দু ধর্ম অবমাননার শামিল। তাই এই হামলা ছিল এক ধরনের সতর্কবার্তা।

