যশোরে পাঁচটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের ওজন ৬৯৭ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য এক কোটি ১১ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার যশোর-খুলনা মহাসড়কের মুড়লি মোড় এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করে ৪৯ বিজিবির সদস্যরা। আটক ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিকী, তিনি ঢাকার গেন্ডারিয়া শ্যামপুর এলাকার সাইজদ্দিনের ছেলে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামেন তারা। পরে মুড়লীর মোড় বাসস্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার ওপর আবু বক্করের কোমরে বাঁধা পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকা থেকে বেনাপোল হয়ে স্বর্ণগুলো ভারতে পাচারের চেষ্টা করছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

