জনগণকে সঙ্গে নিয়েই বিল ও জলাশয় সংরক্ষণ করা হবে: পরিবেশ উপদেষ্টা

0
72

প্রাকৃতিক জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় জনগণের অংশগ্রহণকে অপরিহার্য বলে উল্লেখ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, স্থানীয় জনগণের সচেতনতা ও মতামত নিয়েই বিল ও জলাশয় সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাতুরিয়া বিল পরিদর্শনের আগে নলগাঁওয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সভায় উপদেষ্টা বলেন, কাতুরিয়া বিল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার নয়, এটি স্থানীয় জনগণের জীবিকা, খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্যের জন্য অপরিসীম গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করে বলেন, “বিল ভরাট করা যাবে না। কৃষিজমি ভরাট হলে জনগণের খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়বে।”

তিনি শিল্প দূষণ থেকে বিল রক্ষার ওপরও জোর দেন এবং জানান, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণশুনানি আয়োজন করা হবে।

এসময় গাজীপুর জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি এবং স্থানীয় পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে তিনি বেলাই বিলও পরিদর্শন করেন এবং এর জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।