যুক্তরাষ্ট্রে আইনি সুরক্ষা হারাতে যাচ্ছেন সিরিয়ার অভিবাসীরা

0
61

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপে এবার লক্ষ্যবস্তুতে পড়ছেন সিরীয় অভিবাসীরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে জানায়, বিতাড়নের বিরুদ্ধে সিরীয় অভিবাসীদের অস্থায়ী আইনি সুরক্ষা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এ খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১২ সাল থেকে টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) সুবিধায় রয়েছেন ৬ হাজারের বেশি সিরীয় নাগরিক। এবার সেই মর্যাদা বাতিল করতে যাচ্ছে মার্কিন প্রশাসন।

হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকললিন বলেন, “সিরিয়ায় আর এমন বৈরী পরিবেশ নেই, যা অভিবাসীদের দেশে ফেরায় বাঁধা দেয়। তাছাড়া দেশটি দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ ও উগ্রবাদের কেন্দ্রস্থল।” তার দাবি, যুক্তরাষ্ট্রে সিরীয়দের আরও থাকতে দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থি।

বিবৃতিতে আরও জানানো হয়, টিপিএস সুবিধায় থাকা সিরীয়দের আগামী ৬০ দিনের মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরতে হবে। নির্ধারিত সময় শেষে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করলে গ্রেফতার ও বহিষ্কারের মুখে পড়বেন।

ডোনাল্ড ট্রাম্প এর আগেও শত শত হাজার অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা শেষ করার উদ্যোগ নিয়েছেন। দীর্ঘদিন ধরে বৈধভাবে বসবাস ও কাজ করে আসা অনেক অভিবাসীও এ নীতির শিকার হচ্ছেন।

ট্রাম্প প্রশাসনের দাবি, অভিবাসীদের জন্য আইনি সুরক্ষার সুবিধা অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করা হয়েছে এবং অনেকেই এই সুবিধার যোগ্য নন। তবে ডেমোক্র্যাট নেতারা ও অভিবাসী অধিকারকর্মীরা বলছেন, এ নীতি সিরীয় অভিবাসীদের বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দেবে।