শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের ৬৪ জেলার ৩২ হাজার ৯৯০টি পূজা মণ্ডপে মোট ১৬ হাজার ৪৯৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হবে, যা ভক্ত-দর্শনার্থীদের আহার্য হিসেবে ব্যবহার হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ শাখার সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তফার স্বাক্ষরিত এক চিঠিতে এ বরাদ্দের বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, প্রতিটি জেলা প্রশাসক নিজ জেলার পূজা মণ্ডপের সংখ্যা, আকার, ব্যাপকতা ও আর্থিক সামর্থ্যের ভিত্তিতে উপজেলাভিত্তিক চাল বিতরণ নিশ্চিত করবেন।
এছাড়া ২০২৫-২৬ অর্থবছরেও মণ্ডপপ্রতি ৫০০ কেজি চাল বরাদ্দ বহাল থাকবে বলে উল্লেখ করা হয়েছে। কোনো জেলায় পূজা মণ্ডপ বা মন্দিরের সংখ্যা কম হলে অবশিষ্ট চাল স্থানীয়ভাবে মজুদ রাখতে হবে এবং সে বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। পাশাপাশি নিরীক্ষার জন্য প্রতিটি চাল বিতরণের সঠিক হিসাব সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জেলা প্রশাসকদের কাছে এ বরাদ্দ দ্রুত পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে পূজা উদযাপন পরিষদের নেতারা। তাদের মতে, এ বরাদ্দে ভক্তদের আহার্য সংস্থান সহজ হবে এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়ক হবে।


