সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

0
44

সরকার আবারও সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানো হয়েছে। তবে কতটা বাড়ানো হয়েছে, তা ব্যবসায়ীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। জানা গেছে, দেশের ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দফায় লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, ব্যবসায়ীরা যে প্রস্তাব দিয়েছে, তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, এরপর ব্যবসায়ীদের সঙ্গে আবার বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ব্যারেলপ্রতি ১,২০০ ডলার ছুঁয়েছে। সম্প্রতি বৈশ্বিক বাজারে সয়াবিন তেলের দাম ১৮–২০ শতাংশ বেড়েছে। একই প্রবণতা রয়েছে পাম অয়েলেরও। যে কারণে স্থানীয় বাজারে দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ এপ্রিল সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়।