গাজীপুরে গুদাম অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন ফায়ার ফাইটার শামীমের মৃত্যু

0
54

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন। এদের মধ্যে একজনের শতভাগ পুড়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মারা যান শামীম আহমেদ।

নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলায়। নিহত শামীম ২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে যান।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামে ড্রাম বিস্ফোরিত হয়ে ৫ জন দগ্ধ হন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ হন শামীম আহমেদসহ দু’জন। তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ৩টার দিকে মারা যান শামীম আহমেদ।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও গুরুতর দগ্ধ নূরুল হুদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া ফায়ার ফাইটার জয় হাসান ও অফিসার জান্নাতুল নাঈম হাসপাতালে ভর্তি রয়েছেন।