পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবিতে অচলাবস্থা, প্রতিবাদে শিবিরের মানববন্ধন

0
55

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ডাকা কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শাটডাউনের এই কর্মসূচি সম্পূর্ণ অযৌক্তিক এবং এর মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে জিম্মি করা হচ্ছে। শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, এটি বহু আগেই নিষ্পত্তি হওয়া একটি বিষয়কে সামনে এনে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। তিনি অভিযোগ করেন, একটি ছাত্র সংগঠন তাদের মূল দলের সহায়তায় রাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে।

রাকসু’র ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী এবং শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের দ্বন্দ্ব সৃষ্টি এবং দীর্ঘ প্রতীক্ষিত রাকসু নির্বাচন বানচালের উদ্দেশ্যে কিছু শিক্ষক ও কর্মচারী পোষ্য কোটার মতো মীমাংসিত ইস্যুকে সামনে এনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অচল করে দিয়েছেন।

এদিকে, ‘শিক্ষক লাঞ্ছনার’ বিচার নিশ্চিত করা এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক-কর্মকর্তারা টানা চতুর্থ দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, উপ-উপাচার্যকে লাঞ্ছনা মেনে নেওয়া যায় না এবং এ বিষয়ে প্রশাসনের কাছ থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।