সাতক্ষীরায় তিন মাসে ৬৩২টি অপরাধ: ৯ খুন, ২৪ ধর্ষণ মামলা

0
105
oplus_0

সাতক্ষীরা জেলায় গত তিন মাসে (জুন-আগস্ট) ৬৩২টি অপরাধ সংঘটিত হয়েছে, যার মধ্যে ৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) একটি এডভোকেসি ডায়ালগ সভায় এই তথ্য প্রকাশ করা হয়।

ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় জানানো হয়, আলোচ্য সময়ে জেলায় মাদক সংক্রান্ত ১৮৭টি, মানব পাচারের ১৭টি এবং চোরাচালানের ১১টি মামলা রুজু হয়েছে। এছাড়াও ২৪টি ধর্ষণের মামলা এবং ১২৬টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

সভায় আরও উল্লেখ করা হয় যে, বর্তমানে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ৪৬২৯টি মামলা বিচারাধীন আছে, যার মধ্যে ২৭৭৭টি নারী ও শিশু নির্যাতনের এবং ১৪৯টি মানব পাচারের মামলা।

গণমাধ্যম বিশ্লেষণ করে জানা গেছে, এই তিন মাসে অন্তত ৪০টি অস্বাভাবিক মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। বক্তারা এই ধরনের অপরাধ প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন যে, অপরাধ কমাতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএসএফ-এর জেলা সমন্বয়ক টিপু সুলতান। এ সময় বক্তারা সমাজে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।