ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘ইসলাম রাজনৈতিক বাক্স নয়, যারা ইসলামের নামে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায় তাদের রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে মোকাবেলা করতে হবে।’
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস লুটপাট, সন্ত্রাস এবং গণতন্ত্র হত্যার ইতিহাস।’ তিনি অভিযোগ করেন, ‘২৪-এর আন্দোলনে ১৪০০ মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ এবং ২০ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে।’ তিনি আরও বলেন, ‘এত রক্ত, এত ত্যাগের মধ্য দিয়ে হাসিনার পতনের পর আজ আমরা এখানে আসতে পেরেছি।’
তিনি জানান, বিএনপি’র ইতিহাস হলো রাজনৈতিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের ধারণাকে ধারণ করার ইতিহাস। তিনি বলেন, ‘৭১-এর চেতনা ব্যবসা যেমন চলবে না, তেমনি এই দেশে ধর্ম নিয়ে ব্যবসাও চলবে না।’ তিনি আরও বলেন, যারা জান্নাতের টিকিট বিক্রি করতে চায় তারা ধর্ম ব্যবসায়ী।
বিএনপি’র এই নেতা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফাই দেশের প্রকৃত সংস্কার। তিনি বলেন, ‘আমরা ৩১ দফা সিলগালা করে দিইনি। কেউ যদি আরো যৌক্তিক কোনো সংস্কার আনে তা-ও যুক্ত করা হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে হবে এবং সব অপপ্রচারের জবাব দিতে হবে। প্রতিনিয়ত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি গোষ্ঠী আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীসহ দলের অন্যান্য নেতারা।

