ফরিদপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শোভন শুভ (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর এলাকায় মামুন ইন্ডাস্ট্রির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ফরিদপুর ফিরছিলেন। পথে একটি রিকশা হঠাৎ মহাসড়কে উঠে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং আরোহীরা ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক শোভন শুভ’র মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আহত অন্য দুই বন্ধু হলেন ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার মোহাম্মদ আব্দুল্লাহ (২১) ও মোহাম্মদ মিলন (২২)। তাঁরা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত শোভন শুভ’র গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মদপুর এলাকায়। তাঁর বাবা মিজানুর রহমান ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে চাকরি করার সুবাদে পরিবার নিয়ে তাঁরা ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লায় বসবাস করতেন।
করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। তবে দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

