সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্ক নিয়ে ধোঁয়াশা: মুখ খুললেন মিথিলা

0
88

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তাঁর ক্যারিয়ারের মতোই ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বিশেষ করে, সাবেক স্বামী তাহসান রহমান খান-এর সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্যের ইতি টানার পর এবং পরে ওপার বাংলার গুণী পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করার পরও চর্চা যেন তাঁর পিছু ছাড়ছে না। একটা সময় এই দম্পতির সুখের সংসার নিয়ে আলোচনা তুঙ্গে থাকলেও, এখন চিত্রটা পাল্টেছে।

বর্তমানে সৃজিতের সঙ্গে মিথিলার এক ছাদের নিচে না থাকা নিয়ে তুমুল গুঞ্জন শুরু হয়েছে। তাঁদের দাম্পত্য জীবনে কি তাহলে চিড় ধরেছে? এমন প্রশ্ন এখন দুই বাংলার বিনোদন পাড়ায় ঘুরপাক খাচ্ছে।

সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন অভিনেত্রী, আর তাঁর মন্তব্যগুলোই গুঞ্জনের পালে আরও জোর হাওয়া দিয়েছে।

মিথিলা বলেন, “২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি (কলকাতা) যাইনি। আমার ভিসা নেই।” তাঁর এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে, সৃজিতের সঙ্গে তাঁর সম্পর্ক কি সত্যিই তলানিতে এসে ঠেকেছে?

পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চান, সৃজিত মুখার্জি এখনও তাঁর স্বামী রয়েছেন কিনা। এই প্রশ্নে কিছুটা ধোঁয়াশা তৈরি করে মিথিলা বলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।” তবে তিনি যখন নিশ্চিত হতে চান যে সৃজিত এখনও তাঁর স্বামী কিনা, তখন মিথিলা জানান, হ্যাঁ, পাসপোর্টে এখনও তাঁর নাম রয়েছে।

মিথিলার এই ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য তাঁদের সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জনকে আরও জোরালো করেছে।