ভোটের জন্য সুষ্ঠু ও যথাযথ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “এবারের ভোট হবে দিনের বেলা, রাতের ভোট আর নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর সুযোগ এসেছে। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।”
বুধবার (১ অক্টোবর) রাজধানীর সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আলিয়া মাদরাসার দীর্ঘ ইতিহাস ও অবদানের প্রশংসা করে বলেন, “২৫০ বছরের ইতিহাসে আলিয়া মাদরাসার অবদান অনস্বীকার্য। রাজধানীর এই ঐতিহাসিক প্রতিষ্ঠান সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
তবে তিনি সতর্ক করে দেন, আধুনিক শিক্ষার নামে অনেক মাদরাসা কোরআন, হাদিস ও আরবি শিক্ষার মূলধারার বাইরে চলে যাচ্ছে। তিনি জানান, মাদরাসা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
ছাত্র রাজনীতি প্রসঙ্গে ড. খালিদ হোসেন বলেন, “আমি কখনও ছাত্র রাজনীতি পছন্দ করি না। পার্শ্ববর্তী দেশ ও ইউরোপে ছাত্র রাজনীতি নেই। আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা ছাত্র নেতাদের ব্যবহার করছে।”
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

