বিদেশ ভ্রমণ শেষে দেশে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দেশে প্রবেশ করার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। আজ শুক্রবার সকালে বিমানবন্দর থানা পুলিশ তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, আবু সুফিয়ান শাহীনের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে নাম ছিল। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকের বিষয়টি লিখিতভাবে জানানোর পর ফরিদগঞ্জ থানার এসআই আরিফুর রহমান সরকারের নেতৃত্বে একটি দল তাকে বিমানবন্দর থেকে নিয়ে আসে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম নিশ্চিত করেছেন যে, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে বিমানবন্দর থানা থেকে গ্রহণ করে আজ বিকেলে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

