শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পা রাখা এবং পরে চিত্রনায়িকা হিসেবে পরিচিতি পাওয়া পূজা চেরি হঠাৎ করেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নেটদুনিয়ায় তীব্র আলোচনার কেন্দ্রে এসেছেন। এই আলোচনার কারণ হলো—হিন্দু সম্প্রদায়ের অবিবাহিত মেয়েদের সিঁদুর না পরার রীতি থাকলেও তিনি কপালে সিঁদুর পরা ছবি পোস্ট করেছেন।
আজ শুক্রবার পূজা চেরি তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে কপালে সিঁদুর পরা কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘যেখানে প্রকৃতি কথা বলে, সেখানে হৃদয় থেমে শোনে।’
পূজা চেরি অবিবাহিত হওয়া সত্ত্বেও কেন সিঁদুর পরেছেন, সেই প্রশ্নই এখন সবার মনে। অনেকেই তাই জানতে চাইছেন, তবে কি তিনি চুপিচুপি বিয়ে সেরে ফেলেছেন?
তবে জানা গেছে, পূজা চেরির পোস্ট করা এই ছবিগুলো একটি ফ্যাশন হাউজের ফটোশুটের অংশ। সেই ফটোশুটের কিছু ছবি তিনি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন।
এর আগে এক মণ্ডপে তিনি বলেছিলেন, একজন তাকে সিঁদুর পরিয়ে দেওয়ার সময় বলেছিল, “প্রার্থনা করি আগামীবার যেন দাদাসহ মণ্ডপে আসতে পারো।” তিনি তখন তার প্রয়াত মায়ের জন্য প্রার্থনা করেছিলেন এবং দুর্গা মাকে জিজ্ঞেস করেছিলেন, “মা তুমি কেমন আছো?”
প্রসঙ্গত, ২০১৮ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘নূর জাহান’ দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজা চেরির। এরপর তিনি ‘পোড়া মন টু’ ও ‘দহন’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘টগর’।

