খুলনায় মাদকের জন্য টাকা না দেওয়ায় ছেলে আবু বকর লিমনের (২২) হাতে খুন হয়েছেন তার বাবা লিটন শেখ (৪৫)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনের একটি বাসায় এই লোমহর্ষক ঘটনা ঘটে।
নিহত লিটন শেখ ফেরি করে মাছ বিক্রি করতেন এবং তিনি দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাদক কেনার জন্য ২০ হাজার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ছেলে আবু বকর লিমন প্রথমে তার বাবাকে শ্বাসরোধ করেন এবং পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন।
নিহত লিটন শেখের স্ত্রী শিউলী বেগম (৪০) আজ শুক্রবার সন্ধ্যায় ছেলে লিমন ও পুত্রবধূ চাঁদনীর (১৮) বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই লিমন ও তার স্ত্রী চাঁদনী পলাতক রয়েছেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নেশার টাকা না পেয়ে লিমন তার বাবাকে হত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী শিউলী বাসায় ছিলেন না। এই সুযোগে ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী প্রথমে লিটনকে গলায় ফাঁস দিয়ে এবং পরে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বঁটিটি উদ্ধার করেছে। ওসি আরও জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


