মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু: বরিশালে নৌর‍্যালি, এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ

0
67

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে শুক্রবার মধ্যরাত থেকে দেশব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদী-সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি থাকবে।

এ বছর প্রথমবারের মতো এই অভিযান সফল করতে ড্রোন ব্যবহার করে নদী পর্যবেক্ষণ করবে প্রশাসন।

ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে আজ শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টায় বরিশালের জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের উদ্যোগে কীর্তনখোলা নদীতে একটি নৌর‍্যালি বের করা হয়। র‍্যালিতে প্রশাসনের সঙ্গে মৎস্য অধিদফতর, র‍্যাব, নৌপুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা অংশ নেন। র‍্যালিটি কীর্তনখোলা নদীর বেলতলাসহ অন্যান্য নদী প্রদক্ষিণ করে।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ২২ দিনের এই নিষেধাজ্ঞা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন করার আহ্বান জানানো হচ্ছে। তিনি বলেন, “গত বছর দু-একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা চাই এ বছর ২২ দিনের নিষেধাজ্ঞা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন করবে। ২২ দিন পর আবার জেলেরা নদীতে মাছ শিকার করতে পারবে।”

জেলা প্রশাসক জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তার জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষেধাজ্ঞার সময় বরিশালের মেঘনা নদীতে মাছ ধরা বন্ধ রাখতে নৌপুলিশ ও হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে ড্রোন উড়িয়ে নজর রাখা হবে। এছাড়া অভিযান পরিচালনার জন্য জেলায় ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বরিশাল জেলায় মোট কার্ডধারী জেলের সংখ্যা ৬৬ হাজার ৫২৪ জন। তাঁদের জন্য ১ হাজার ৬৬৩ দশমিক ১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যার আওতায় প্রত্যেক জেলে ২৫ কেজি করে চাল পাবেন।

কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।