নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সিআইডি পুলিশ পরিচয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মচারী ও সোনারগাঁও থানার হারিয়া বৈদ্যপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে অমিত হাসান মিরাজকে (৩০) অপহরণের চেষ্টার অভিযোগে তিন পুলিশ সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মচারী ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বৈদ্যের বাজার ইউনিয়নের হারিয়া বৈদ্যপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে অমিত হাসান মিরাজ বাদী হয়ে রূপগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন।
আসামিরা হলেন- গোয়েন্দা পুলিশের (ডিবি) ঢাকা দক্ষিণের এসআই মামুন মাতুব্বর (৪০), এএসআই আমানউল্লাহ (৩৪), কনস্টেবল কবির হোসেন (৩৩), কনস্টেবল আকাশ আহাম্মেদ (৩০), তাদের গাড়ি চালক আবু বক্কর সিদ্দিক (৫০) ও মো. সেলিমকে (৪৫)।
পুলিশ জানায়, গত ১৮ জুন দুপুরে সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসেন অমিত হাসান মিরাজ। এ সময় গাউছিয়া সিএনজি স্ট্যান্ডের সামনে অবস্থান করার সময় কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশ পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক সাদা রঙের হাইচ গাড়িতে (ঢাকা মেট্রো-চ-১৬-৩৭৬৬) তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি সন্দেহজনক প্রকাশ করলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। এলাকাবাসীর সন্দেহ হলে তারা তিনজনকে আটক করে। অপর তিনজন পালিয়ে যায়।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিন পুলিশ সদস্যসহ ছয়জনকে আসামি করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বাকি তিন আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’