সাভারে হানি ট্র্যাপে ফেলে পরিবার পরিকল্পনা পরিদর্শক অপহরণ, ৪ জন গ্রেফতার

0
55

সাভারে পরিবার পরিকল্পনা বিভাগের ইন্সপেক্টর মো. মেহেদী হাসানকে হানি ট্র্যাপে ফেলে অপহরণ করেছে একটি সংঘবদ্ধ চক্র। ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে বুধবার বিকেলে ঘটনাটি ঘটে।

অপহরণকারীরা ভিকটিমকে আটক রেখে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভিকটিমের পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সাভার মডেল থানা পুলিশ অভিযান শুরু করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘণ্টা অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সাভারের জামশিং এলাকা থেকে মেহেদী হাসানকে উদ্ধার করে পুলিশ। এ সময় নারী সদস্যসহ চক্রের চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— শরিফুল (২৫), পিতা মো. জয়নাল, রংপুরের পীরগাছা; মো. জয়নাল (২৫), পিতা আ. হাকিম, রংপুরের পীরগাছা; সকাল আনমনা (১৯), পিতা আ. রাজ্জাক, ময়মনসিংহের ইশ্বরগঞ্জ; এবং মো. কাওসার হোসেন কনক (২০), পিতা মো. বজলুর মিয়া, শেরপুরের নকলা।

অভিযানে অপহরণে ব্যবহৃত একটি লেগুনা গাড়িও জব্দ করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, “এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়া এলাকায় হানি ট্র্যাপসহ বিভিন্নভাবে মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছিল।”

তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।