নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা আরমান হোসেন বিজয় (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। নিহত আরমান চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ ৪টি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টায় উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আরমান হোসেন বিজয় উপজেলার হাজীপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডের শাহীন চৌধুরীর ছেলে। এলাকায় তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে বেগমগঞ্জের একলাশপুর থেকে নিজ বাড়ি হাজীপুর যাওয়ার পথে ৪-৫ জন দুর্বৃত্ত তাঁর গতিপথ অবরোধ করে এবং তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আরমান হোসেন বিজয় নিজেই একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিতো এবং দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদা আদায়, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত ছিল। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁর প্রতিপক্ষের লোকেরাই তাঁকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নিরাপত্তার ভয়ে স্থানীয় কেউ এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।
নোয়াখালীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাকে হত্যা করা হয়েছে তাঁর বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, চুরিসহ বিভিন্ন অপরাধের ৪টি মামলা রয়েছে। তিনি আরও জানান, পুলিশ অপরাধীদের শনাক্তকরণে কাজ চালিয়ে যাচ্ছে এবং নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

