গভীর সমুদ্রে নিখোঁজ পটুয়াখালীর ৫ জেলে: ৭ দিনেও খোঁজ মেলেনি

0
49

পটুয়াখালীর মহিপুর থানার ধুলাশ্বার ইউনিয়নের পাঁচজন জেলে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলেরা হলেন— মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ধুলাশ্বার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের জেলে ঘাট থেকে একটি লাল রঙের ফাইবার নৌকা নিয়ে তারা সাগরে মাছ ধরতে যান। সাধারণত দুই দিনের মধ্যেই ফিরে আসার কথা থাকলেও, সাত দিন পরেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস আশঙ্কা করছেন, সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে তাদের নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে আছে। এ সময় সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলার কারণেও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নিখোঁজের ঘটনায় নতুনপাড়া ও আশপাশের এলাকায় শোকের মাতম ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় মহাজন সগীর বুড়াও তাদের বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তায় আছেন। নিখোঁজ জেলেদের সন্ধানে আশপাশের নৌকাগুলোকে তল্লাশিতে পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।

বিষয়টি ইতোমধ্যে কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে এলেই উদ্ধার অভিযান শুরু করা হবে।

কুয়াকাটা নৌ পুলিশের এসআই মনিরুল ইসলাম জানিয়েছেন, তারা নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপকূলের জেলে পরিবারগুলো এই মুহূর্তে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন।