বিখ্যাত র‍্যাপার ডিডি কম্বস পতিতাবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত, ৪ বছরের কারাদণ্ড

0
73

বিখ্যাত হিপ-হপ র‍্যাপার সিন জন কম্বস, যিনি ডিডি কম্বস নামে পরিচিত, পতিতাবৃত্তি সম্পর্কিত অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। শুক্রবার ম্যানহাটনের ফেডারেল আদালতে সারাদিনব্যাপী শুনানির পর মার্কিন জেলা জাজ অরুণ সুব্রহ্মণ্যম ৫৫ বছর বয়সী কম্বসকে ৫০ মাসের (চার বছরেরও বেশি) কারাদণ্ড দিয়েছেন।

আদালত এই হিপ-হপ কিংবদন্তিকে বছরের পর বছর ধরে তার দুই পূর্ববর্তী প্রেমিকাকে নির্যাতন করার জন্য তিরস্কার করেন। জুলাই মাসে ৫৫ বছর বয়সী কম্বসকে দুই প্রাক্তন বান্ধবীকে মাদক-প্ররোচিত যৌন পরিবেশনায় অংশগ্রহণের জন্য এবং পুরুষ এসকর্ট ভাড়া করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। এই অপরাধে রাজ্য সীমান্ত পেরিয়ে ভ্রমণের ব্যবস্থাও করেছিলেন তিনি।

বিচারক সুব্রহ্মণ্যম উল্লেখ করেন, জুরি কম্বসকে র‍্যাকেটেয়ারিং এবং যৌন পাচারের মতো গুরুতর অভিযোগ থেকে খালাস দিলেও, তার প্রাক্তন প্রেমিকা ক্যাসান্দ্রা ভেনচুরা এবং জেন কে-এর ওপর যে ক্ষতি করেছেন তার পরিপ্রেক্ষিতে এই সাজা অপরিহার্য ছিল।

সাজা ঘোষণার আগে আদালতে কম্বস ভেনচুরা ও জেনের কাছে ক্ষমা চেয়েছিলেন। ব্যাড বয় রেকর্ডসের প্রতিষ্ঠাতা কম্বস বলেন, “আমি জানি আমি আর কখনও অন্য কারও উপর হাত তুলব না।”

কম্বসকে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর থেকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তিনি ইতোমধ্যে ১ বছর কারাভোগ করেছেন। তাই আশা করা হচ্ছে, তিনি তিন বছরের মধ্যেই মুক্তি পেতে পারেন। শুনানির সময় কম্বসের সন্তানরা তাদের বাবার প্রতি সহানুভূতির আবেদন জানায়। তার ১৮ বছর বয়সী মেয়ে জেসি কম্বস কাঁদতে কাঁদতে বলেন, “আমরা বাবার ভুলগুলোকে ন্যায্যতা দিচ্ছি না, কিন্তু তিনি আমাদের বাবা এবং আমাদের তাকে প্রয়োজন।”