কেরাম বোর্ড খেলা নিয়ে ফরিদপুরের সালথায় সংঘর্ষ, আহত ১৫

0
61

কেরাম বোর্ড খেলা নিয়ে বিরোধের জের ধরে ফরিদপুরের সালথা উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সংঘর্ষের সূত্রপাত হয় দুই-তিন দিন আগে। রামকান্তপুর গ্রামের একটি বাজারে কেরাম বোর্ড খেলা নিয়ে স্থানীয় ওসমান তালুকদারের সমর্থক রাকিব নামের এক তরুণের সঙ্গে প্রতিপক্ষের কুদ্দুস তালুকদারের সমর্থক লায়েক নামের আরেক তরুণের মারামারির ঘটনা ঘটে। সেই সময় পুলিশ কেরাম বোর্ডটি থানায় নিয়ে এলেও ওই মারামারির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছিল।

এরই জেরে সোমবার সকালে স্থানীয় চায়ের দোকানে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র (ঢাল-কাতরা, টেটা, সড়কি, ভেলা) ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ৪টি বসতবাড়িতে ভাঙচুর করা হয়।

আহতদের মধ্যে কমপক্ষে ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, পরিবেশ শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।