বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চাঁনখারপুলে ঝুট ব্যবসায়ী মো. মনিরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আজ সোমবার সকালে কারাগার থেকে দীপু মনিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছর ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকালে শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার বিক্ষোভে অংশ নেন মনির। অভিযোগ করা হয়, একপর্যায়ে আসামিরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
এই ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলাটি করেন। মামলায় দীপু মনি ৩১ নম্বর এজাহারভুক্ত আসামি।
উল্লেখ্য, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গত ১৯ আগস্ট গ্রেপ্তার করা হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।

