নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে মঙ্গলবার (৭ অক্টোবর) নোয়াখালীর কবিরহাটে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় কবিরহাটের প্রধান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে “নোয়াখালী বিভাগ চাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। এই আনন্দঘন কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ বিএনপি, জামায়াত এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সুনির্দিষ্ট দাবি জানিয়ে বলেন, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা জেলা নিয়ে নোয়াখালী বিভাগ গঠন করতে হবে এবং বিভাগীয় সদর দপ্তরও নোয়াখালীতেই স্থাপন করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দেন যে, অন্য কোনো জেলার নামে বিভাগ করা হলে নোয়াখালীবাসী তা মেনে নেবে না।
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “একটি আন্দোলন যখন শুরু হয়, সেটি শেষ না হওয়া পর্যন্ত থামে না। নোয়াখালীবাসীর এই ঐক্যবদ্ধ দাবিই প্রমাণ করে নোয়াখালী বিভাগ বাস্তবায়িত হবেই।”
বক্তারা অভিযোগ করেন, নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে। তারা উল্লেখ করেন যে, কোনো জেলাকে নতুন বিভাগের অন্তর্ভুক্ত করতে হলে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি করতে হয়। কিন্তু নোয়াখালীতে এমন কোনো শুনানি হয়নি।
শুনানি ছাড়া নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার এই ষড়যন্ত্র সফল হবে না এবং নোয়াখালীবাসী তা প্রতিহত করবে বলেও বক্তারা হুঁশিয়ারি দেন।

