গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দীদের তালিকা বিনিময় করল হামাস ও ইসরায়েল

0
60

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির কাঠামোর আওতায় মুক্তি পেতে যাওয়া বন্দীদের তালিকা বিনিময় করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েল। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এ তালিকা বিনিময় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র তাহের আল-নুনু।

রুশ সংবাদ সংস্থা তাস-এর প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বার্তায় তাহের আল-নুনু জানান, “আজ পূর্বে সম্মত মানদণ্ড অনুযায়ী মুক্তি দেওয়ার জন্য পরিকল্পিত জিম্মি ও বন্দীদের তালিকা বিনিময় করা হয়েছে।”

তিনি আরও বলেন, ইসরায়েলের কাছে দেওয়া তালিকায় ফিলিস্তিনি বন্দীদের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ রয়েছে, তবে হামাস কতজন ইসরায়েলি বন্দীর মুক্তি দাবি করেছে তা তিনি প্রকাশ করেননি।

মুখপাত্র জানান, আলোচনাগুলো বর্তমানে মিশরের শারম এল শেইখে আশাব্যঞ্জক পরিবেশে চলছে। মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি চূড়ান্ত করার জন্য নিবিড়ভাবে কাজ করছেন।

গত ৬ অক্টোবর সন্ধ্যায় মিশরের শারম এল শেইখে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু হয়। এই আলোচনায় মিশর ও কাতার মধ্যস্থতার ভূমিকা পালন করছে, আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নিচ্ছেন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক উপদেষ্টা জারেড কুশনার।

সূত্র: মেহর নিউজ, তাস