মেঘনা নদীর মোহনায় অবৈধ কারেন্ট জাল ও দুটি ইঞ্জিনচালিত বোটসহ মোট ১৭ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে।
এই অভিযানের সময় মেঘনা নদীর মোহনা ও তৎসংলগ্ন এলাকা থেকে প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২০ হাজার টাকা মূল্যের ২০ কেজি ইলিশ মাছ ও ২টি ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ করা হয়।
আটককৃত ১৭ জন জেলের মধ্যে ১ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে মুচলেকা নিয়ে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।
পরবর্তীতে জব্দকৃত জাল চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছগুলো মাদ্রাসায় বিতরণ করা হয়। আটককৃত বাকি ১৬ জন প্রাপ্তবয়স্ক জেলেকে চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত বোট দুটি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


