প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসছে ফেব্রুয়ারির নির্বাচনকে বাংলাদেশের সাধারণ মানুষ ‘খুব ভালোভাবে নিচ্ছে’। তিনি জোর দিয়ে বলেন, “আমরা দেখছি বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। আর আমি বলবো নির্বাচনের ট্রেন তো ছেড়ে গেছে।”
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, নির্বাচন নিয়ে ‘কনফিউশন’ শুধু ‘তথাকথিত সিনিয়র সাংবাদিকের’ মধ্যেই রয়েছে, যারা টেলিভিশনে এসে ‘মার্কেট গরম করতে চান’।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনি যদি গ্রামাঞ্চলে যান, গিয়ে দেখবেন ইলেকশনের জন্য ক্রেজ, উত্তাপ।” তাঁর বক্তব্য অনুসারে, নির্বাচনের প্রতি সাধারণ মানুষের প্রবল আগ্রহ রয়েছে। এর উদাহরণ দিতে গিয়ে তিনি উল্লেখ করেন যে, একটি দল আজকেই তাদের প্রার্থী ঘোষণা করেছে, যা নির্বাচনের উত্তাপের প্রমাণ।

