চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ৩টায় উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের আব্দুল লতিফ সারেং বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এই ঘটনায় নুরুল কবির নামে এক বায়োবৃদ্ধ ব্যক্তি আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস টিম এবং স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের সাব অফিসার আহম্মেদ হোসেন জানান যে, সরু রাস্তা এবং রাস্তাঘাটে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে তাঁদের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়, যার ফলে ক্ষয়ক্ষতি ব্যাপক আকার ধারণ করে।
আগুন লাগার কারণ সম্পর্কে স্থানীয়দের মধ্যে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে। কেউ কেউ বলছেন, ছোট বাচ্চাদের গ্যাস লাইট নিয়ে খেলার সময় দুর্ঘটনাক্রমে ঘরের বেড়ায় আগুন লেগে যায়। আবার কেউ কেউ দাবি করেছেন যে, ক্ষতিগ্রস্তদের মধ্যে একজনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
তবে, মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আহম্মেদ হোসেনের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বর্তমানে তদন্তাধীন রয়েছে।

