একক প্রার্থী চূড়ান্তে গতি আনছে বিএনপি, কেন্দ্রের নির্দেশনা না মানলে শাস্তির হুঁশিয়ারি

0
38

দ্রুত আসনভিত্তিক একক প্রার্থীকে ‘সবুজ সংকেত’ না দিলে বিভিন্ন স্থানে দ্বন্দ্ব ও গ্রুপিং বাড়তে পারে—এমন আশঙ্কার কথা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছে বিএনপির তৃণমূল নেতারা। এতে নড়েচড়ে বসেছে দলটির নীতিনির্ধারকরা। তারা তৃণমূল নেতাদের ডেকে কড়া নির্দেশনা দিয়েছেন—যারা এই নির্দেশনা মানবেন না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্তত ২৫টি নির্বাচনি আসনের সম্ভাব্য প্রার্থী এবং ১০টি জেলার শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্রুত একক প্রার্থী নির্ধারণের কাজে নেমেছে।

দলটির নীতিনির্ধারক সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনের মধ্যে প্রায় ৭০ শতাংশ আসনে একক প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দিতে চায় বিএনপি। এতে করে ওই আসনের অন্য মনোনয়নপ্রত্যাশীরা একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করবেন।

তারা জানিয়েছেন, যেসব আসনে প্রার্থী বেশি বা জটিলতা রয়েছে, সেখানে মনোনয়নপ্রত্যাশীদের গুলশান কার্যালয়ে ডেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। একক প্রার্থী নির্ধারণে জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা, স্থানীয় গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততাসহ নানা মানদণ্ড বিবেচনা করা হচ্ছে।

যেসব আসনে একাধিক জনপ্রিয় প্রার্থী আছেন, সেখানে একজনকে অগ্রাধিকার দিয়ে বাকিদের ভবিষ্যতে যথাযথ মূল্যায়নের আশ্বাস দেওয়া হচ্ছে। নীতিনির্ধারকদের মতে, এ কারণে একক প্রার্থী নির্ধারণে তেমন জটিলতা হবে না।

সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য আমরা ‘গ্রিন সিগন্যাল’ দেব। তবে সেটা চূড়ান্ত নয়। তফসিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে মনোনয়ন চূড়ান্ত করা হবে।”

তিনি আরও বলেন, “প্রতিটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। অনেক আসনে পাঁচজন, সাতজন এমনকি দশজন পর্যন্ত যোগ্য প্রার্থী আছেন। তাই নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থী বাছাই করতে হচ্ছে।”

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া দেখভালের দায়িত্বে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব তার ওপর অর্পণ করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমরা এমন প্রার্থী চাই, যিনি এলাকার সমস্যাগুলো বোঝেন, মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তরুণ, নারী ও প্রবীণ সবার সঙ্গে যোগাযোগ রাখেন এবং সমস্যা সমাধানে সক্ষম।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আগামী নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত। একক প্রার্থীর তালিকা প্রস্তুত করা হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার সময় নিয়েও আলোচনা চলছে। শিগগিরই তারেক রহমান ও নীতিনির্ধারকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”