লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় সন্ত্রাসীরা ঘর থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
নিহতরা হলেন— রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) এবং তাঁদের মেয়ে তানহা মীম (১৯)। তানহা মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমান সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী। হত্যাকাণ্ডের সময় বাড়ির পুরুষ সদস্যরা সবাই বাজারে ছিলেন। বাড়িতে মিজানের স্ত্রী ও মেয়ে থাকায় এই সুযোগে সন্ত্রাসীরা বাসায় প্রবেশ করে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে।
নিহতদের আত্মীয় সেলিম মিয়া জানান, সন্ত্রাসীরা মা-মেয়েকে গলা কেটে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় বাসায় থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পরিবারের সদস্যরা রাত ১০টার দিকে বাজার থেকে বাড়িতে ফিরে বাসার দ্বিতীয় তলার মেঝেতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, “কে বা কারা, কী কারণে মা-মেয়েকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ওসি ঘটনাস্থলে যান। পিবিআই ফরেনসিক টিমও ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।”
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, তিনি ঘটনাস্থলে আছেন এবং ঘাতকরা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

