ইসরায়েল থেকে দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম

0
69

ইসরায়েলে আটক হওয়ার পর দেশে ফিরেছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর ৫টার কিছু পর তিনি বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় গ্লোবাল সামুদ ফ্লোটিলার সঙ্গে তার যাত্রার অভিজ্ঞতা বর্ণনা করেন শহিদুল।

তিনি বলেন, “গাজার মানুষ এখনো আক্রান্ত, এখনো তাদের ওপর নির্যাতন চলছে। যতক্ষণ পর্যন্ত এই নির্যাতন বন্ধ না হয়, আমাদের কাজ শেষ নয়।”

শহিদুল আলম দেশে ফেরার পর বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাতে চাই—বাংলাদেশসহ সারা বিশ্বের যেসব মানুষ দোয়া করেছেন, ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

বিমানবন্দরে শহিদুল আলমকে ফুল দিয়ে বরণ করতে আসেন তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

এর আগে স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে তিনি তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। সেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। পরে শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন এবং শনিবার ভোরে দেশে পৌঁছান।