কুয়াকাটা যাওয়ার পথে র‌্যাবের মিনিবাসের সঙ্গে বাসের সংঘর্ষে ২জন নিহত, আহত ৩৪

0
77

বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে র‌্যাবের একটি মিনিবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৪ জন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, বরিশাল থেকে র‌্যাবের একটি মিনিবাস পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন।

র‌্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক অমিত হাসান বলেন, “দুর্ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।”

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তামান্না রহমান শান্তা জানান, “সকাল ৯টার কিছু আগে আহতদের হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুই বছরের শিশু পিয়াসকে মৃত অবস্থায় আনা হয়। আরও কয়েকজনের অবস্থা গুরুতর, যাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও লেবুখালী সিএমএইচে পাঠানো হয়েছে।”

হাসপাতালের নথি অনুযায়ী আহতদের মধ্যে গলাচিপা, নরাইল, ভোলা, ঝিনাইদহ, নীলফামারি, বাগেরহাট, সাতক্ষীরা, আমতলী ও বরগুনা জেলার অন্তত ৩০ জন রয়েছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন, “গুরুতর আহত ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। র‌্যাব ও সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে আহতদের স্থানান্তর করা হয়।”

নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।