রাজবাড়ীতে মা ইলিশ শিকার: ৪০ হাজার মিটার জাল জব্দ, ৯ জেলের কারাদণ্ড

0
45

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে ৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব উল হক।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত রাজবাড়ী, গোয়ালন্দ ও কালুখালী উপজেলায় উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, কোস্ট গার্ড ও নৌপুলিশের যৌথ অভিযানে ৯টি স্পটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি মামলা দায়ের করা হয়।

মাহাবুব উল হক বলেন, “পদ্মা নদীর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে ২০ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আরও তিনজনকে ১০ দিনের কারাদণ্ড এবং কালুখালী পয়েন্টে অপর তিনজনকে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।”

অভিযানে জব্দ করা ৪০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধার হওয়া ৭ কেজি ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।