পাকিস্তান-আফগানিস্তান উভয় পক্ষকে একে অপরের সার্বভৌমত্বকে সম্মান এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছে তেহরান।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আইআরএনএ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান উভয় দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।
উত্তেজনা নিরসন এবং সংঘাত ঠেকাতে, ইসলামাবাদ ও কাবুলকে সংযম প্রদর্শন ও অবিলম্বে সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছেন বাঘাই।
তিনি আরও বলেন, ইরান দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে সহায়তা করতে প্রস্তুত।
এদিকে, পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে আফগানিস্তান ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে বলে খবর পাওয়া গেছে। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের বরাত দিয়ে রোববার এ খবর দিয়েছে আল জাজিরা।
প্রতিবেদন অনুসারে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে ভারী যুদ্ধাস্ত্র ও ট্যাঙ্ক।
এতে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় (আফগান) পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ট্যাঙ্ক এবং ভারী অস্ত্র মোতায়েন করেছে।
এর মধ্যেই গোলাগুলি বন্ধ হওয়ার কথা জানা গেলেও, পাকিস্তানের কুররাম এলাকার বাসিন্দারা এখনো মাঝেমধ্যে গোলাগুলির খবর দিচ্ছেন।

