রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সফলভাবে বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীসহ সকলের প্রতি সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
রোববার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এই আহ্বান জানান।
লিখিত বক্তব্যে উপাচার্য অধ্যাপক নকীব বলেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের সময় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ও নীতিগত যে শূন্যতা বিরাজ করছিল, তা পূরণের পাশাপাশি রাকসু নির্বাচন আয়োজনকে তিনি তাঁর অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখেছেন। তিনি উল্লেখ করেন, প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহযোগিতায় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।
তিনি আরও বলেন, “প্রায় ৩৫ বছর ধরে নির্বাচনহীন রাকসুকে পুনরুজ্জীবিত করাই ছিল আমাদের অন্যতম লক্ষ্য। আমরা একটি শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠন করি।”
নির্বাচন কমিশন তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বাছাই, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ নির্বাচনী প্রস্তুতি সফলভাবে সম্পন্ন করেছে জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মধ্যে রাকসু নির্বাচনের প্রতি যে অদম্য আগ্রহ ও গণতান্ত্রিক চেতনা সৃষ্টি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তবে গঠনতন্ত্র সংশোধনে সময়ক্ষেপণ, ভর্তি কার্যক্রম ও সংশ্লিষ্ট পক্ষগুলোর ভিন্ন গতির কারণে নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব হয়নি।
উপাচার্য জানান, বিভিন্ন পরিস্থিতি ও পক্ষগুলোর পরামর্শে নির্বাচনের তারিখ একাধিকবার পরিবর্তন করতে হলেও তাঁরা ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি বিশ্বাস করেন, এই নির্বাচন এখন বিশ্ববিদ্যালয়ের একটি অগ্রাধিকারের বিষয়। তাই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী— সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই নির্বাচন সফল হলে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে।
ভোট গণনার বিষয়ে উপাচার্য বলেন, “ভোট গণনায় আমাদের তিন দিন সময় লাগবে না। এর জন্য আমাদের কাছে একটি দক্ষ টেকনিক্যাল টিম রয়েছে।”
তিনি নিশ্চিত করেন যে, ব্যালট বাক্স খোলা থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রতিটি ধাপই উন্মুক্ত ক্যামেরার সামনে সম্পন্ন হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা কার্যক্রম সম্পন্ন করতে সর্বোচ্চ ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে। শুধু রাবির শিক্ষার্থীরাই নয়, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সারাদেশের মানুষও এই গণনা প্রক্রিয়া সরাসরি দেখতে পারবে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন জানান, নির্বাচনের পরদিন থেকেই যেন নির্বাচিত প্রতিনিধিরা তাদের নির্ধারিত রুমে বসতে পারেন, সেজন্য আজ থেকেই রাকসু ভবনের মেরামতের কাজ শুরু করা হয়েছে।