জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণমিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী।
রোববার (১২ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে গণসমাবেশে বক্তব্যের পর জেলা প্রশাসক ইশরাত ফারজানা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
তাদের ৫ দফা দাবি হল, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলাম ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা হাফিজ উদ্দিন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ আলমগির প্রমুখ।