‘সেফ এক্সিটের প্রয়োজন নেই, এই দেশটা আমার’: ধর্ম উপদেষ্টা

0
96

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, তার কোনো ‘সেফ এক্সিটের’ প্রয়োজন নেই। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সৌদি আরবে বাংলাদেশি হজ এজেন্সিগুলোর অব্যবহৃত ৩৮ কোটি টাকা ফেরত আনার তথ্য দিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, “সৌদি আরব মন্ত্রণালয়ের নুসুক প্ল্যাটফর্মে ৯৯০টি এজেন্সির অর্থ জমা ছিল। এ বিষয়ে যোগাযোগ করে এই অর্থ ফেরত আনা হয়েছে।” তিনি আরও জানান, ফেরত আনা এই ৩৮ কোটি টাকা এজেন্সি মালিকদের মধ্যে ব্যাংকের মাধ্যমে বণ্টন করা হবে। এর মধ্যে একটি এজেন্সি সর্বোচ্চ ৪৫ লাখ টাকা এবং সর্বনিম্ন ২ টাকা পাবে।

ফেব্রুয়ারিতে নির্বাচন ও উপদেষ্টাদের ‘আঁতাত করে পালানো’র অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, “আমরা কোথায় দেশ থেকে পালাবো, আমার ঢাকা শহরে কোনো বাড়ি নেই। চট্টগ্রাম শহরেও কোনো বাড়ি নেই। তো আমি সেফ এক্সিট নিয়ে কি বাইরে রাস্তায় গিয়ে শুয়ে থাকবো। এই দেশটা আমার।” তিনি বলেন, “আমরা যদি একটা নির্বাচিত সরকারকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি সেটা আমাদের বড় সফলতা। এটা আমাদের জন্য কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই। আমরা কোনো অপরাধ করিনি, কোনো টাকা লুট করিনি। যে আমাদের লুকিয়ে থাকতে হবে।”

আগামী বছর হজের নিবন্ধনের সময় বৃদ্ধি প্রসঙ্গে উপদেষ্টা জানান, আগামীকাল মঙ্গলবার এ ব্যাপারে ভার্চুয়ালি সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হবে এবং ওই বৈঠকেই হজে নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদের সঙ্গে কি সরকারের কোনো দূরত্ব তৈরি হয়েছে—এমন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, “আমার তো মনে হয় না দূরত্ব তৈরি হয়েছে। রাজনৈতিক কারণে অনেকেই অনেক কথা বলেন। সবকিছু তো আর শতভাগ মাপা যায় না। আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো, রাজনৈতিক নেতাদের সাথেও আমাদের সম্পর্ক ভালো। প্রত্যেকের সাথে আমরা সুসম্পর্ক রাখার চেষ্টা করছি।”