আসন্ন নির্বাচনে কোনো দলের সঙ্গে যুক্ত হচ্ছে না হেফাজত: মামুনুল হক

0
67

হেফাজতে ইসলাম বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

মামুনুল হক স্পষ্ট করে বলেন, “হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। তাই, নির্বাচনে প্রতিদ্বন্দিতা করা আমাদের নীতিমালায় নেই।”

তিনি আরও বলেন, সংগঠনের কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করেন, সেটি তার ব্যক্তিগত বিষয়।

সংগঠনের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন, সেটি তার ব্যক্তিগত বক্তব্য। সংগঠন কোনো সিদ্ধান্ত নিলে সেটি সাংগঠনিকভাবে জানানো হবে।

এই সংবাদ সম্মেলনের মূল দাবিগুলো ছিল:

  • প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন।

  • কুরআন অবমাননার বিচার এবং কাঠামোগত ইসলামবিদ্বেষ ও ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়ন।

সংবাদ সম্মেলনে মহাসচিব সাজিদুর রহমান বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে নাচ-গানের শিক্ষক নিয়োগ দিয়েছে, কিন্তু দেশের সুফি-জনতা শিক্ষাপ্রতিষ্ঠানে গান-বাজনা চায় না। তারা একটি ইসলামী আদর্শের রাষ্ট্র চায়।

তিনি বলেন, “আমরা সরকারকে অনতিবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষকের নিয়োগ বাতিল করে সব বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানাচ্ছি। পাশাপাশি কুরআন অবমাননায় সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করার দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীসহ প্রমুখ নেতৃবৃন্দ।