ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারী-শিশুসহ ১৪ বাংলাদেশি

0
1
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারী-শিশুসহ ১৪ বাংলাদেশি

ভারতে দুই বছর চার মাস কারাভোগ শেষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন নারী ও শিশুসহ ১৪ জন বাংলাদেশি।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে তিনজন নারী, তিনজন শিশু এবং আটজন পুরুষ। তাদের বাড়ি সুনামগঞ্জ ও যশোর জেলায়।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, প্রয়োজনীয় ট্রাভেল পারমিটসহ কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের হস্তান্তর করা হয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে।

ফেরত আসা ব্যক্তিদের একজন জসিম উল্লেখ করেন, কাজের আশায় মানবপাচারকারীদের সহায়তায় ২০২৩ সালের ১২ ডিসেম্বর যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তারা। পরে পাঞ্জাবে গিয়ে বিভিন্ন বাসায় কাজ করছিলেন তারা। ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে দুই বছর চার মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং পাঞ্জাব সেন্ট্রাল জেলে পাঠানো হয়।

জসিম বলেছেন, ‘সাজা শেষ হওয়ার পরও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আরও কিছুদিন পুলিশ হেফাজতে থাকতে হয় আমাদের। পরে দুই দেশের উচ্চপর্যায়ের উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পাই আমরা।’

ওসি আশরাফের ভাষ্য, আজ শনিবার সকালে তাদেরকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফেরত আসা বাংলাদেশিদের তাদের পরিবারের সদস্যদের সাথে পুনর্মিলনে সহায়তা করবে সংস্থাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here