রংপুরে কষ্টি পাথরের মূর্তিসহ ২ পাচারকারী গ্রেপ্তার

0
60

রংপুর র‍্যাব-১৩-এর একটি দল অভিযান চালিয়ে দিনাজপুর জেলার খানসামা থানাধীন এলাকা থেকে কষ্টি পাথরের মূর্তিসহ ২ জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে। চোরাকারবারীদের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় সোমবার দুপুরে এই গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমে জানান, র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের আভিযানিক দল দিনাজপুর জেলার খানসামা থানাধীন ২ নং ভেরবেড়ী ইউপির ৭ নং ওয়ার্ডের ভেরবেড়ী আমরত শাহ গ্রামে মো. আব্দুল মাজেদ (৫০)-এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে।

বসতবাড়ী তল্লাশীর সময় রান্নাঘর থেকে ৯.২৫০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত আসামি মো. আব্দুল মাজেদ (৫০), পিতা- মৃত তছির উদ্দিন, সাং- ভেরবেড়ী এবং মো. আলী আজম (৬৫), পিতা- মৃত বরকত আলী শেখ, সাং- ভোগডোমা, উভয় জেলা- দিনাজপুরের বাসিন্দা, তাদেরকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, তারা পরস্পর যোগসাজশে উক্ত মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিল। পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।