এক সপ্তাহ সংঘর্ষের পর পাকিস্তান-আফগানিস্তানে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি

0
43

টানা এক সপ্তাহের তীব্র সামরিক সংঘাতের পর অবশেষে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। তালেবান সরকারের অনুরোধে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন দেশটির পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “তালেবানের অনুরোধে, আজ (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য, উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে, পাকিস্তান সরকার এবং আফগান তালেবান সরকারের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ইসলামাবাদ আশা করছে, এই ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির সময়কালে উভয় পক্ষ গঠনমূলক সংলাপের মাধ্যমে “এই জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যার একটি ইতিবাচক সমাধান খুঁজে বের করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাবে।”

উল্লেখ্য, কাবুল ও কান্দাহারে তালেবানের অবস্থানে পাকিস্তানের নির্ভুল হামলার পরও এই যুদ্ধবিরতির ঘোষণা এলো।

টানা এক সপ্তাহ ধরে চলা এই সীমান্ত সংঘর্ষে পাকিস্তানের আন্তঃবাহিনী সংযোগ পরিদফতর জানিয়েছে, তাদের ২৩ জন সৈন্য নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।