“ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, কোনো বিকল্প নেই”: সালাহউদ্দিন আহমদ

0
65

জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে কমিশন প্রধান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “আপনার প্রতি আমাদের সমর্থন সীমাহীন নয়, এর সীমারেখা আছে। আপনার প্রতি আমাদের সমর্থন কন্ডিশনাল (শর্তাধীন), আপনি এটা উপলব্ধি করুন।”

সালাহউদ্দিন আহমদ প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি সতর্ক করে বলেন, “আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্কের অবনতি না হোক, রাষ্ট্রের ব্যালান্স রাখতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকির মধ্যে পড়তে চাই না, আমরা এটা মোকাবিলা করতে পারবো না।”

এর আগে, কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

উল্লেখ্য, বহুল আকাঙ্ক্ষিত ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ এর চূড়ান্ত অনুলিপি মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। যদিও সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ নেই, কমিশন পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে এ সংক্রান্ত সুপারিশ দেবে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। প্রথম ধাপে গঠিত ৬টি সংস্কার কমিশনের (সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন) সংস্কার প্রস্তাব নিয়ে ৩৩টি ও ৩০টি দলসহ মোট দুই পর্বে আলোচনা করে ঐকমত্য কমিশন। এই আলোচনায় ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়, যা নিয়ে ‘জুলাই জাতীয় সনদ’ তৈরি করা হয়েছে।