এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের দাবি মানা না হলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যমুনা অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে প্রায় চার ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করার পর এই ঘোষণা আসে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন।
তিনি জানান, আজকের মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে তারা আগামীকাল দুপুর ১২টায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, “আগামীকাল দাখিল পরীক্ষা আছে। আমাদের দাবি না মানা হলে কোনো ক্লাস-পরীক্ষা কিছুই চলবে না।”
এর আগে, এদিন দুপুরে দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করেন। চার ঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে শিক্ষকরা বিক্ষোভ মিছিলসহ কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান।
শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। তাদের দাবিগুলো হলো:
১. মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া
২. চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা
৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা
এই দাবি আদায়েই তারা শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা করে অবরোধ কর্মসূচি পালন করেন।