দীর্ঘ ৩৫ বছর অপেক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল ও হোস্টেল সংসদ নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ওএমআর ব্যালট পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, যেখানে প্রতিটি ব্যালটে ২৪ অঙ্কের নিরাপত্তা কোড ও একটি গোপন কোড থাকবে, যা মেশিনে শনাক্তযোগ্য।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। প্রতিটি কক্ষে সর্বোচ্চ ৫০০ জন ভোটার ভোট দিতে পারবেন। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। ভোটারদের পছন্দের প্রার্থীর নামের পাশে বৃত্ত পূরণ করে ভোট দিতে হবে এবং একাধিক বৃত্ত পূরণ করলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে।


